প্রচ্ছদ > আন্তর্জাতিক >

মারাঠি ভাষা না জানলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স

article-img

ভারতের মহারাষ্ট্র রাজ্যে অটো, ট্যাক্সি ও অ্যাপ-ভিত্তিক ক্যাবসহ সকল বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনের চালকদের জন্য ‘মারাঠি ভাষা’ জানার বাস্তব জ্ঞান থাকা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

অফিশিয়াল সূত্রে জানা গেছে, মোটর যান আইন ১৯৮৮ সংশোধন করে ‘মোটর সংশোধন বিধিমালা ২০২৬’ কার্যকরের লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) একটি সরকারি আদেশ জারি করা হবে। নতুন এই সংশোধনীর প্রধান লক্ষ্য ইলেকট্রনিক মিটারযুক্ত অটো-রিকশা, ট্যাক্সি এবং ক্যাব চালক ও পারমিটধারীরা। 

নিয়ম অনুযায়ী, মারাঠি ভাষায় পারদর্শিতার এই বাধ্যবাধকতা কেবল স্টিয়ারিং হাতে থাকা চালকদের জন্যই নয়, বরং গাড়ির পারমিটধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সংশোধিত ৭৮ ও ৮৫ নম্বর ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট পারমিটধারীকেও অবশ্যই মারাঠি ভাষার ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। 

নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো অটো বা ট্যাক্সি চালকের মারাঠি ভাষায় সাধারণ কথাবার্তা বলার মতো ন্যূনতম ব্যবহারিক জ্ঞান না থাকে, তবে তাকে প্রথমে এক মাসের একটি সতর্কীকরণ নোটিশ দেওয়া হবে। এই এক মাসের মধ্যে ভাষা শিখতে ব্যর্থ হলে তার ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হবে। 

তিন মাসের স্থগিতাদেশের পরও যদি চালক মারাঠি ভাষা শিখতে ব্যর্থ হন, তবে তার ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার ব্যবস্থা রাখা হয়েছে। 

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সারনায়েক বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে পুরোনো বিধিমালার সব অস্পষ্টতা দূর করা হয়েছে এবং বাণিজ্যিক চালকদের জন্য মারাঠি ভাষার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সুবিধা-অসুবিধা বোঝা এবং নিরাপদ ও আরামদায়ক সফর নিশ্চিত করার জন্য স্থানীয় ভাষার ব্যবহারিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।’ 

মন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, চালক ও সাধারণ জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে মারাঠি ভাষার দক্ষতা পরীক্ষা করে তা সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে ‘সন্তোষজনক’ হতে হবে। 

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্র সরকার রাজ্যজুড়ে বাণিজ্যিক চালকদের এ বিষয়ে কিছুটা ছাড় দিয়েছিল এবং পরবর্তী পর্যালোচনার জন্য ১৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। 


আরো খবর